ক্যামেরার সঠিক ফ্রেম নির্বাচন, ভিন্নমাত্রার শট গ্রহণ কিংবা তথ্যভিত্তিক সাক্ষাৎকার—সবকিছুর কেন্দ্রবিন্দুতে শিশু অধিকার। ‘শিশুর চোখে-শিশুর গল্প’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলোআপ কর্মশালা।
শনিবার জেলা শহরের নীলফামারী প্রেস ক্লাবের সভাকক্ষে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’। এতে হ্যালোর নীলফামারী জেলার ১০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।
সকালে নীলফামারী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ভুবন রায় নিখিল কর্মশালার উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী চলে সাংবাদিকতার বিভিন্ন দিক ও আধুনিক কৌশল শেখানোর প্রশিক্ষণ।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযুক্তি পাতার সম্পাদক হাসান বিপুল। তিনি ভিডিও প্রতিবেদন তৈরির কৌশল, ক্যামেরা ব্যবহারে দক্ষতা, উপযুক্ত শট নির্বাচন এবং বিষয়ভিত্তিক সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন দিক শিশু সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ছিল ব্যবহারিক প্রশিক্ষণ। বিকেলে সংবাদ লেখা, ভিডিও ধারণ এবং মাঠপর্যায়ে সরাসরি সাক্ষাৎকার নেওয়ার অনুশীলন করানো হয়। এ সময় শিশু সাংবাদিকরা দুটি দলে বিভক্ত হয়ে সাবেক আন্তর্জাতিক ফিফা রেফারি ভুবন মোহন তরফদার এবং আন্তর্জাতিক শিশু অধিকারবিষয়ক সংস্থা ‘কিডস রাইটস’-এর যুব বোর্ড সদস্য শ্রেয়া ঘোষের সাক্ষাৎকার নেয়।
শিশু সাংবাদিকদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন, তথ্য সংগ্রহের কৌশল ও উপস্থাপনার দক্ষতা অতিথিদের প্রশংসা কুড়ায়।
কর্মশালায় নীলফামারী প্রেস ক্লাবের সহসভাপতি শীষ রহমান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাবেক সভাপতি তাহমিন হক ববী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন এবং নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক উপস্থিত থেকে শিশু সাংবাদিকদের উৎসাহ দেন।
পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ইনজামাম-উল-হক নির্ণয়।
আয়োজকরা বলেন, সংবাদের পেছনের তথ্য অনুসন্ধান, তা যাচাই এবং ভিডিওর ফ্রেমে সঠিকভাবে তুলে ধরার যে অভিজ্ঞতা শিশুরা এ কর্মশালার মাধ্যমে অর্জন করেছে, তা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও শিশুসংবেদনশীল সাংবাদিকতায় ভূমিকা রাখবে।