নীলফামারীর সৈয়দপুরে বাসে তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে রাহুল বাসফোড় (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের রাবেয়া মিল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, দিনাজপুর থেকে রংপুরগামী ‘গেটলক বেস্ট ওয়ান’ নামের একটি মিনিবাসে করে চোলাই মদ সৈয়দপুরে নেওয়া হচ্ছে। পরে ডিএনসির একটি দল রাবেয়া মোড় এলাকায় অবস্থান নেয়। বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে দুইটি পলিথিনের চটের ব্যাগে রাখা পাঁচটি জারকিন থেকে মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদকের মালিক ও বহনকারী হিসেবে রাহুল বাসফোড়কে আটক করা হয়। তিনি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া ডোমপট্টি এলাকার দিলীপ বাসফোড়ের ছেলে।
ডিএনসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে রাহুল জানান, দিনাজপুরের একটি সাঁওতাল পল্লী থেকে চোলাই মদ সংগ্রহ করে সৈয়দপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসি নীলফামারীর উপপরিচালক সাকিব সরকার বলেন, প্রচলিত বিধি অনুযায়ী হরিজন সম্প্রদায়ের সদস্যদের নির্দিষ্ট পরিমাণ চোলাই মদ ক্রয় ও পান করার সুযোগ রয়েছে। তবে এ সুযোগের আড়ালে বাণিজ্যিকভাবে চোলাই মদ সংগ্রহ ও বিক্রি করা আইনত নিষিদ্ধ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাহুল নিয়মিত চোলাই মদ এনে বিক্রি করতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।