বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই অভিযানে গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—দৈবজ্ঞহাটি নূরুল্লাপুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. দেলোয়ার শেখ (৬২) এবং মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মো. কাইয়ুম শেখ (৩৫)।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, অভিযানে দেলোয়ার শেখের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গাঁজা সেবনের অভিযোগে আটক কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদক নির্মূল ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।