রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিনটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক। চার শিক্ষককে এসব পদে নতুন দায়িত্ব দিয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাঁদের এসব দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।
আদেশে বলা হয়েছে, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহীদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ওই পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টিও তিনি নিজেই নিশ্চিত করেছেন।
অফিস আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।