গত ১৭ বছরে দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক মামলার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময়ে যত হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটির বিচার করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ১/১১-এর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। দেশের মাটি ও মানুষের প্রতি তার অঙ্গীকারের কারণেই তিনি দেশ ছাড়েননি বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব সুবিধার আওতায় আনা হবে।
এ সময় সরকারের ব্যয়সংযমের বিভিন্ন দিক তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৮টি থেকে চারটিতে নামিয়ে আনা হয়েছে। এতে সরকারি ব্যয় কমার পাশাপাশি যানজটও কমেছে বলে দাবি করেন তিনি।
‘১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগে এখনও অনেক সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।