নীলফামারীর ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৫০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান ও সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল। এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ ও উপজেলা বিএনপির সেক্রেটারি একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, সরিষার আবাদ লাভজনক। কৃষকদের বেশি বেশি সরিষা চাষে উদ্বুদ্ধ করতেই সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে।