শিরোনাম

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করলেন মা

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করলেন মা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামে মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী জুলেখা বেগম (৪৬) তাঁর মেয়ে মনিরা খাতুনকে (৩০) সুমন শেখের (৩২) কাছ থেকে ছাড়িয়ে আনার পর ৫ কেজি দুধ দিয়ে গোসল করেন। মেয়েকে ছাড়িয়ে আনতে পারলে দুধ দিয়ে গোসল করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করতেই তিনি এ কাজ করেছেন বলে জানান।

জুলেখা বেগমের দাবি, প্রায় ১৪ বছর আগে তাঁর মেয়ের সঙ্গে সুমন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়ের ওপর নির্যাতন চালানো হতো। তাঁর অভিযোগ, সুমন নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে নিয়মিত মারধর করতেন।

জুলেখা বেগম আরও জানান, কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তাঁর মেয়েকে সুমনের কাছ থেকে তালাক দেওয়া হয়েছে। এরপরই তিনি মেয়েকে ছাড়িয়ে আনার আনন্দে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে নিজের দেওয়া কথা রাখেন।

তবে সুমন শেখ তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ততা ও নির্যাতনের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর