শিরোনাম

পঞ্চগড়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক পুলিশের কাছে

পঞ্চগড়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক পুলিশের কাছে

পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার বিকেলে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার কুকুরজান মহকুমার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। তিনি পেশায় চা শ্রমিক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর গোপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় একটি আখখেতে আখ কাটার সময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রোববার বিকেলে একই এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী আরেকটি পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, একই সীমান্ত এলাকায় গত বুধবার গরু খুঁজতে গিয়ে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮)। স্থানীয়দের দাবি, তিনি বৃদ্ধ এবং কানে কম শোনেন ও ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে ফেরত দেওয়ার দাবিতে স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফ দাবি করেছে তমিজ উদ্দীনকে কাঁটাতারের বেড়া কাটার অভিযোগে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এ দাবির প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবির প্রশ্ন, একজন বয়স্ক ব্যক্তি কীভাবে কাঁটাতারের বেড়া কাটতে পারেন।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার আলী বলেন, “আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক মানুষ, শুনতে পায় না, চলতেও পারে না। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।”

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে। তমিজ উদ্দীনকে আটকের বিষয়েও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর