গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদ ও আর্টগ্যালারি প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি পালন করে সংগঠনটির ঠাকুরগাঁও শহর শাখা।
জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সোহেল রানা। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান। এতে সংগঠনের জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। একই সঙ্গে জুলাই গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।