নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় অবস্থান করছেন। আকস্মিক সফরে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তাঁর বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।
বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে অ্যাকসিলারেট এনার্জির। প্রতিষ্ঠানটি দেশের দুটি এলএনজি টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর একটি প্রতিষ্ঠানটির নিজস্ব মালিকানাধীন, অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে এক লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে বলে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বেশ আলোচিত ছিলেন পিটার হাস। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
তাঁর এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আপত্তি জানানো হয়। সরকারের পক্ষ থেকে তাঁর কূটনৈতিক আচরণকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।
তবে এবারের ঢাকা সফর ব্যবসায়িক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।