শিরোনাম
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

পলাশের ডাঙ্গায় ছাত্রদল নেতা ইব্রাহীম গুলিবিদ্ধ

পলাশের ডাঙ্গায় ছাত্রদল নেতা ইব্রাহীম গুলিবিদ্ধ

 নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ছাত্রদল নেতা ইব্রাহীম গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে তার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।  গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে গুলি বের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  স্থানীয় এলাকাবাসী ও দলীয় সূত্রের দাবি, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।  এ বিষয়ে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা বর্তমানে পলাশ থানায় রয়েছি। প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, তাতে আমাদের ধারণা, পলাতক যুবলীগ নেতা দেলু বাহিনীর সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বালু ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরেই তারা এ হামলা চালিয়ে থাকতে পারে।”  তবে আলম মোল্লার এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।  বর্তমানে ইব্রাহীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর