জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, সনদ জালিয়াতি, অবৈধ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাসলিমা আক্তার নামে এক অভিযোগকারী।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া লিখিত আবেদনে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ২০০০ সালের ১৯ জুন শাহজাহান কবীর এবং ২০১৪ সালের ২৩ এপ্রিল মুমিনুর রহমান যোগদান করেন। তাঁদের নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার-সংক্রান্ত সনদ জালিয়াতির অভিযোগ করেছেন আবেদনকারী। তাঁর দাবি, ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি পদ থাকার কথা থাকলেও বিদ্যালয়ে এ পদে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের ২৬ জুলাই ম্যানেজিং কমিটির সভায় শাহজাহান কবীরের সনদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীর বিরুদ্ধেও চুক্তিভিত্তিক দায়িত্ব পালন ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি ২০২২ সালের ১৫ জানুয়ারি অবসরে যাওয়ার পর সরকারি পূর্বানুমোদন ছাড়াই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন এবং বিদ্যালয়ের তহবিল থেকে বেসরকারি বেতন-ভাতা গ্রহণ করেন। ২০২৩ সালের ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন অনুমোদন না করলেও তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের বিষয়টি তুলে ধরেছেন অভিযোগকারী। পাশাপাশি ম্যানেজিং কমিটির সভাপতি পদে আত্মীয়কে বসানো এবং কয়েকজন শিক্ষকের সহযোগিতার অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ১৪ মে যোগদান করা বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমানের নিয়োগ প্রক্রিয়া এবং তাঁকে নিয়োগ দেওয়ার সময়কার ম্যানেজিং কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।
বিদ্যালয়ের ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত আয়-ব্যয়, দোকান ও মিলনায়তন ভাড়াসহ সার্বিক আর্থিক লেনদেন সরকারি অডিটের আওতায় আনা এবং অন্যান্য শিক্ষক-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়েরও দাবি জানানো হয়েছে। অভিযোগকারী জানান, এসব বিষয়ে ২০২৫ সালের ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন করা হলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক শাহজাহান কবীর ও মুমিনুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীর মুঠোফোনে কল দিলে তাঁর স্ত্রী জানান, তিনি বাসায় নেই।
অন্যদিকে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল, তবে তদন্তে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া, শিক্ষকদের শিক্ষাগত সনদের সত্যতা ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত চান অভিযোগকারী।