খুলনায় ছেলেধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রাজু শিকদার নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের তার ওপর ছেলেধরা সন্দেহ হয়। পরে কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হয়।
গণপিটুনিতে রাজু গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তবে তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ।