শিরোনাম

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করতেন।

স্থানীয় শ্যামল বিশ্বাস জানান, শনিবার সকালে চিত্তরঞ্জন নিজেদের জমিতে ধান রোপণের জন্য ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে যান। দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তা সরাসরি চিত্তরঞ্জনের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাশে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর