ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি বাসটির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি মহাসড়কের ডান পাশে থাকা রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।
এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।
মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে দুটি রেকার ব্যবহার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।