শিরোনাম

পঞ্চগড়ের পাঁচবারের মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলাম আর নেই

পঞ্চগড়ের পাঁচবারের মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলাম আর নেই

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম আর নেই। রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়সসহ পারিবারিক অন্যান্য তথ্য জানা যায়নি।

তৌহিদুল ইসলাম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বেও ছিলেন।

স্থানীয় রাজনীতিতে জনপ্রিয় এই নেতা পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান।

তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তৌহিদুল ইসলামের মরদেহ পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর