বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অভিযানের তথ্য নিশ্চিত করে কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণসহ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।