শিরোনাম
গাজীপুর যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা; জামালপুরে শোকের আবহ

ময়মনসিংহের সড়কে ঝরল ৭ প্রাণ, একই পরিবারের চারজনের দাফন

ময়মনসিংহের সড়কে ঝরল ৭ প্রাণ, একই পরিবারের চারজনের দাফন

গাজীপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ সাতজনের মৃত্যুতে জামালপুরের রানাগাছা ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত চারজনের জানাজা ও দাফন শনিবার সকালে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা এলাকায় মর্জিনা বেগম (২৫) ও তাঁর পাঁচ বছরের ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। স্বজনদের ভাষ্য, মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

এরপর সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় জানাজা অনুষ্ঠিত হয় মোফাজ্জাল হোসেন লেবু (৫৫) ও তাঁর মা রাশিদা বেগমের (৮০)। জানাজা শেষে তাঁদেরও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছাড়াও ছিলেন অটোরিকশাচালক সুজন মিয়া, আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতাজ বেগম। তাঁদের নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

স্বজনেরা জানান, মোফাজ্জাল হোসেন লেবু গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন। শুক্রবার সকালে তিনি তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা বেগম ও নাতি মিনানকে সঙ্গে নিয়ে গাজীপুরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। কয়েক দিনের জন্য মা, মেয়ে ও নাতিকে গাজীপুরে নিজের বাসায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রাজীব পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ এর সব যাত্রী নিহত হন।

মোফাজ্জাল হোসেন ও তাঁর মা রাশিদা বেগমের জানাজায় জামালপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক বলেন, “অত্যন্ত বেদনাদায়ক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

এদিকে দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, এর আগেও এ পরিবহনের বাস দুর্ঘটনায় জড়ানোর ঘটনা ঘটেছে। তাই দুর্ঘটনার কারণ, বাসটির ব্যবস্থাপনা ও সড়কে চলাচলের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী নিহত প্রত্যেকের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর