শিরোনাম

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে বিক্ষোভ

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে বিক্ষোভ

যশোর শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে তাঁর অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এম এম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগকারী জাহিদ হাসান সেজান সরকারি এম এম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। তাঁর দাবি, রোববার সকালে সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য তিনি যশোর শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে যান। এ সময় তাঁর গলায় হেডফোন থাকা নিয়ে সচিব তাঁকে গালাগাল করেন এবং একপর্যায়ে মুখে চারটি থাপ্পড় মারেন।

সেজান বলেন, তাঁর কোনো অপরাধ হয়ে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া যেত। এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তিনি সচিবের পদত্যাগ দাবি করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সংহতি জানিয়ে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, ঠুনকো বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত শিক্ষা বোর্ডের সচিবকে অপসারণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ অস্বীকার করেছেন যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, ঘটনার সময় জেলা বিএনপির সভাপতিসহ ওই শিক্ষার্থীর দুই শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক হিসেবে তিনি শুধু শিক্ষার্থীর পিঠে চাপড় দিয়ে নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেটিকে অন্যভাবে উপস্থাপন করা কাম্য নয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর