শিরোনাম

মাদক-ক্যাসিনোমুক্ত ঠাকুরগাঁও গড়তে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

মাদক-ক্যাসিনোমুক্ত ঠাকুরগাঁও গড়তে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

ঠাকুরগাঁও জেলাকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ লক্ষ্য বাস্তবায়নে মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, মাদক বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনেও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এসব সামাজিক ব্যাধি ও অপরাধ মোকাবিলায় ইতোমধ্যে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা পেলে ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

জেলার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ স্বাভাবিক গতিতেই চলবে। ঠাকুরগাঁও ইতোমধ্যে উন্নয়নের পথে অনেক দূর এগিয়েছে। ভবিষ্যতে এ জেলার আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. রফিকুল হক। এ ছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর