শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সংশ্লিষ্ট ক্যাম্পে দুটি এটিভি (অল-টেরেন ভেহিকল) ও ড্রোন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। আজ সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টহল কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা।