বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। দুই দেশের জনগণের কল্যাণে এ সম্পর্ককে আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। বিশেষ করে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।