শিরোনাম

ফেসবুকে পিস্তল হাতে ভিডিও, এনসিপি নেতা মুজাহিদকে ঘিরে বিতর্ক

ফেসবুকে পিস্তল হাতে ভিডিও, এনসিপি নেতা মুজাহিদকে ঘিরে বিতর্ক

পাবনার সাঁথিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ভিডিওতে দেখা অস্ত্রটি আসল নাকি খেলনা, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও দাবি করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সাঁথিয়া পৌর এনসিপির সদস্যসচিব মুজাহিদ ফকিরের ফেসবুক স্টোরিতে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রায় এক ঘণ্টা পর ভিডিওটি মুছে ফেলা হলেও এরই মধ্যে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের ঘটনায় অনেকে সমালোচনা করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওতে দুজন ব্যক্তির হাত ও পায়ের অংশ দেখা যায়। একজন মেঝেতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন। তবে ভিডিওতে কারও মুখমণ্ডল স্পষ্ট নয়। ভিডিওটির সত্যতা এবং অস্ত্রটির প্রকৃতি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের অস্ত্র প্রদর্শন জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে। তিনি মুজাহিদ ফকিরসহ কয়েকজন রাজনৈতিক নেতার এমন পোস্ট দেওয়ার অভিযোগ তুলে শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মুজাহিদ ফকির এর আগেও ফেসবুকে এ ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন, যা পরে খেলনা পিস্তল বলে প্রমাণিত হয়েছিল। তবে এবার প্রকাশিত ভিডিওতে থাকা অস্ত্রটি আসল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, অস্ত্রটি আসল হলে এর বৈধতা এবং ভিডিও প্রকাশের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভিডিওটির বিষয়ে জানতে মুজাহিদ ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল বলেন, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন, তবে ভিডিওটি দেখেননি। মুজাহিদের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জেনে পরে মন্তব্য করবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর