শিরোনাম

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর রহমান মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সী দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। এ সময় শিশুটি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত।

অভিযোগ অনুযায়ী, ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সাইদুর মুন্সী শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘরের দরজায় শব্দ হলে তিনি সরে যান। সুযোগ পেয়ে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়িতে ফিরে যায়।

এজাহারে আরও বলা হয়, পরদিন ২৭ এপ্রিল শিশুটির মা মুঠোফোনে বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে পরিচিত ব্যক্তি ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন শিশুটির বাবা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় তিনি ৩০ এপ্রিল বাড়িতে ফেরেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণচেষ্টার মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর