ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ টাকা, রুপার গহনা ও একটি ইজিবাইক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, ভোররাতে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রেখে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।
ঘটনার পর পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লুট হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, ডাকাতির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। লুট হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।