প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবভিত্তিক নগর পরিকল্পনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকি কমানো এবং ভবন নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। তবে এ ধরনের ঝুঁকি নিয়ে যথেষ্ট আলোচনা ও চিন্তাভাবনা হয় না। ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভূমিকম্পের আশঙ্কা উদ্বেগজনক। অপরিকল্পিত নগরব্যবস্থার কারণে বিশ্বের বিভিন্ন শহরে দুর্যোগের সময় প্রাণহানির সংখ্যা বেড়েছে। তাই দুর্যোগের ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।