বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়ার দাবি করেছে দুদক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। অভিযানে দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি অনিয়মের তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।