জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সামনে একটি চুক্তির মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। অন্যথায় দেশটি আরও কঠোর সংঘাত ও অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
ট্রাম্প তাঁর বক্তব্যে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করলেও শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না যাওয়ার যৌক্তিক কারণ নেই। একই সঙ্গে তিনি ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অবস্থানও তুলে ধরেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বিভিন্ন প্রস্তাব পৌঁছে দিয়েছে। তবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ইরানি প্রতিনিধিদল সভাকক্ষ ত্যাগ করে বলে এপি জানিয়েছে। একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে গঠনমূলক ফলাফল বয়ে আনতে পারে—এমন আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন।