প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে প্রস্তুতি সভা করেছে রংপুর মহানগর বিএনপি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় মহানগর বিএনপির নেতারা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ মহানগর বিএনপি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী নগরীর ধর্মসভা ও কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।