মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন বাস চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ইউএনও কাজী মো. অনিক ইসলামের কাছে তাঁরা এ স্মারকলিপি দেন। এতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালু, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী চালক দিয়ে যানবাহন পরিচালনার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাটুরিয়া উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল করছে। এসব যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভাড়া কম দেওয়ার কথা বললে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই অনেক চালক যানবাহন চালাচ্ছেন। অপ্রাপ্তবয়স্কদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব সমস্যার শিকার হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বাসের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও তোলা হয়েছে।
এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও কাজী মো. অনিক ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি দেওয়ার সময় সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান, জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।