শিরোনাম

সংসদ ভবন প্রাঙ্গণের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সংসদ ভবন প্রাঙ্গণের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান, সংসদ প্লাজা ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি মাঠ ও বাগান পরিষ্কার রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি সংসদ প্লাজা এবং সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর