‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা এখন শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। পড়তে, লিখতে ও হিসাব করতে পারার পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার, জীবনদক্ষতা, সমালোচনামূলক চিন্তা, পরিবেশ সচেতনতা এবং পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ।
বক্তারা আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের জন্য মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা ও সচেতনতা তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে কার্যকর সাক্ষরতা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, নিরক্ষরতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাসার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, তথ্য কর্মকর্তা সোয়া তামান্নাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।