ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ইন্দোনেশিয়ান মডেলের ছবি ও ভিডিও ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ছড়িয়ে পড়া কিছু ছবিতে জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে একটি নাইট ক্লাবের পার্টিতে দেখা যায়।
ওই মডেলের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়েছে, দুই ফুটবলার তাকে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর থেকেই ওই নারীর সঙ্গে দুই ফুটবলারের পরিচয় এবং তাদের সাক্ষাতের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোর সময়কাল নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এগুলো ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পরের ঘটনা কি না, নাকি টুর্নামেন্ট চলাকালে অন্য কোনো সময়ের—তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ কারণে ছবিগুলোর ভিত্তিতে দুই ফুটলারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে ছবিগুলো যদি সত্যিই ম্যাচের পরের সময়ের হয়ে থাকে, তাহলে বড় ব্যবধানে হারের পর জাতীয় দলের খেলোয়াড়দের এমন আয়োজনে অংশ নেওয়া নিয়ে পেশাদারিত্ব ও দলের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের সংশ্লিষ্ট খেলোয়াড়দের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।