আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর কারাগারের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান অনুসারীরা।
নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
মুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাঁকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেই প্রত্যাশা করেন তিনি।
স্বজনদের ভাষ্য, কারাবন্দি অবস্থায় দীর্ঘ ২২ বছর পার করার পর বন্দিমুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে সোমবার তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে নুরুল আমিনের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের সামনেও তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছিল বলে জানা গেছে।