কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হতে যাচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের আয়োজন। এ উপলক্ষে মেলাকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালনমেলার মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসেবন ও সংশ্লিষ্ট কার্যক্রম প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আগামী ১৭ অক্টোবর থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধক ও দর্শনার্থীর সমাগম ঘটে এ উৎসবে।
অভিযানে জব্দ করা সরঞ্জামের মধ্যে গাঁজা সেবনে ব্যবহৃত বাঁশি ও কলকে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান নিরাপদ, উৎসবমুখর ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।