শিরোনাম

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে শ্রী আপন (২২) নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার আপন ডিমলা থানার বাবুরহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক।

এসআরবি জানায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে স্কুলে যাতায়াতের সময় আপনের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই সময় আপন নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখেন। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের মাইক্রোবাসে তুলে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে একই প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়।

চলতি বছরের ৩ মার্চ চিকিৎসকের পরীক্ষায় ওই শিক্ষার্থী গর্ভবতী বলে জানা যায়। বিষয়টি জানার পর ভুক্তভোগীর পরিবার আপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ১৪ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি ডিমলা থানার মামলা নম্বর-১৭।

মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে সিপিসি-২, এসআরবি-১৩ (নীলফামারী) ও এসআরবি-৩, সিপিসি-১ (শাহজাহানপুর, ঢাকা) এর যৌথ দল ডিমলা থানার সর্দারহাট গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আপনকে গ্রেপ্তার করে।

এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর