ঢাকা জেলা দলের কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলের সদস্য মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
ছোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১১ সালে বিসিবিতে যোগ দেন মোসাদ্দেক হোসেন ছোটন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন।
তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। দেশের বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই কোচের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় বিসিবি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।