শিরোনাম

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদকের তথ্য অনুযায়ী, তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা অনুমোদন করেছে কমিশন।

দুদক সূত্র জানায়, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ মামলাতেও আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে সংশ্লিষ্ট কাগজপত্র কমিশনে পাঠানো হয়েছে। মামলা রুজুর অনুমোদনের পর আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর