শিরোনাম

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ৭০ কোটি টাকা আত্মসাতের মামলা

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ৭০ কোটি টাকা আত্মসাতের মামলা
ছবি:প্রতিনিধি

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭০ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে গত ১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট সাব-কমিটি (আইডিআরসি) সভার সিদ্ধান্তকে কাজে লাগিয়ে জমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাজের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করেন। পরে এসব বিলের বিপরীতে চেক ও নগদ অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানির অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার আসামিরা হলেন—ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সিইও মো. হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক কোম্পানি সচিব সৈয়দ আব্দুল আজিজ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট মো. কামাল হোসেন হাওলাদার।

দুদক সূত্র জানায়, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগে প্রায় ২৮১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও ছয়টি মামলা করা হয়েছে।

এ ছাড়া শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে ১ হাজার ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর