শিরোনাম

খাঁচা ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলল ২২টি পাখি

খাঁচা ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলল ২২টি পাখি

নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২২টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে পাখিগুলো খাঁচামুক্ত করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় পাখি রাখার চারটি লোহার খাঁচা জব্দ করা হয়েছে। পাশাপাশি পাখি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে ১০টি টিয়া, পাঁচটি পাতি সরালি, ছয়টি টিলা ঘুঘু ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির অভিযানে নেতৃত্ব দেন। সৈয়দপুরে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা অভিযানে সার্বিক সহযোগিতা করে।

বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, “বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দি রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। ঢেলাপীর হাটে দেশি পাখি কেনাবেচার খবর পেয়ে সরেজমিনে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি সবাইকে পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি। কিছু অসাধু ব্যক্তি বন্য পাখি ধরে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন, যা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পাখি শিকার ও কেনাবেচা বন্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে তাঁদের সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অভিযানে সংগঠনটির পক্ষে আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব জনি, সামিউল আলিম, মুন্না, রাজা, রানা ও রেজাসহ অন্যান্য সদস্য।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, সংরক্ষিত বন্যপ্রাণী অনুমতি ছাড়া ধরা, কেনাবেচা ও অবৈধভাবে নিজের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে পাখি শিকার, কেনাবেচা ও খাঁচায় বন্দি রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর