শিরোনাম

পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পৃথক কর্মসূচিতে দলটির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দেবীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এমপি।

বক্তব্যে তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সহযোগিতা করে আধুনিক বাংলাদেশ গড়ার শপথ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান।

অন্যদিকে, বুধবার বিকেলে বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধানহাটি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণসহ দলের আন্দোলন-সংগ্রাম ও দেশ গঠনের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন নেতারা।

কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর