শিরোনাম

চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা

চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা
ফাইল ছবি

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা নিজেদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি গভর্নরকে অবহিত করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যেন প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার জন্যও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর