চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি জেলা শহরের পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সদর মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর হেরোইন চোরাচালান মামলায় আদালত জুয়েল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন। এছাড়া সদর মডেল থানার মাদক চোরাকারবারিদের তালিকায় তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জুয়েল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।