শিরোনাম

জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ১৬

জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ১৬

নীলফামারীর জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেনের মৃত্যু হয়। তিনি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকালে বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের মধ্যে খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি শিশুদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মকবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

মকবুল হোসেনের মরদেহ বাড়িতে নেওয়ার পথে বুধবার জলঢাকা বাজার এলাকায় লাশবাহী গাড়ি আটকে বিক্ষোভ করেন তাঁর স্বজন ও স্থানীয়রা। এ সময় তাঁরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর