শিরোনাম

রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজে মামলায় ওআইসির সমর্থন পুনর্ব্যক্ত

রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজে মামলায় ওআইসির সমর্থন পুনর্ব্যক্ত
ফাইল ছবি

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এ সমর্থন জানানো হয়। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোকে সমন্বিত ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এ সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার পাশাপাশি মানবিক সহায়তা ও আইনি কার্যক্রমে সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন আরও বাড়ানো প্রয়োজন।

এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার বিষয়েও আলোচনা করেন। ওই পরিকল্পনায় রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর