শিরোনাম

জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানে উদ্যোগী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানে উদ্যোগী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়ে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচিত হওয়ার পর সরকারি সম্মানী ভাতা থেকে জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। পাশাপাশি দুই শহীদ পরিবারের দুই সদস্যকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক নিয়োগের সুযোগ তৈরি হলে, ওই পদে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষে জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম অফিস সহায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ শাহ বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা যেমন ১৯৭১-কে ধারণ করি, তেমনি ২০২৪-এর গণঅভ্যুত্থানকেও ধারণ করি। সেই দায়বদ্ধতা থেকেই শপথ গ্রহণের পর সরকারি সম্মানী থেকে জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সহায়তা দিয়ে আসছি। পাশাপাশি দুই শহীদ পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছি।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর