প্রতি বছর প্রায় ৩ লাখ কর্মীর বিদেশ যাওয়ার সুযোগ থাকলেও নীলফামারী থেকে বাস্তবে বিদেশে পাড়ি জমাচ্ছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সঠিক তথ্যের অভাব, কারিগরি দক্ষতার ঘাটতি এবং দালালচক্রের খপ্পরে পড়ে জেলার বিপুলসংখ্যক মানুষ বৈধ অভিবাসনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনারে এ তথ্য উঠে আসে।
সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনজুরুল হক জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ যাওয়ার জন্য জেলা থেকে মাত্র ১ হাজার ২৯৫ জন নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে নারী রয়েছেন ২০০ জন।
তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে দালালদের প্রলোভনে পড়ছেন। এতে অনেকে অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। জেলায় দালালচক্রসংক্রান্ত ৩৫টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
মনজুরুল হক আরও বলেন, বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়ে কেউ প্রতারণা বা হয়রানির শিকার হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ বা কাজের নিশ্চয়তা পাওয়ার সুযোগ রয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “দক্ষতার কোনো বিকল্প নেই। কাজ ও ভাষা শিখে বিদেশে গেলে শ্রমিকরা যেমন ভালো বেতন পাবেন, তেমনি দেশে বেশি রেমিট্যান্স আসবে। দালালদের খপ্পরে না পড়ে বৈধ ও ঝুঁকিমুক্ত পথে বিদেশ যাওয়া উচিত। অন্যথায় পুরো পরিবারকে চরম অনিশ্চয়তায় পড়তে হয়।”
তিনি আরও বলেন, নীলফামারীর মানুষকে দালালমুক্ত সেবা দিতে জেলায় বিভিন্ন রিক্রুটিং এজেন্সির শাখা কার্যালয় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জানানো হয়, নীলফামারী টিটিসিতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ভাষায় আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে কর্মীরা ভালো কর্মপরিবেশ ও তুলনামূলক ভালো বেতনের সুযোগ পেতে পারেন।
সেমিনারে আরও জানানো হয়, বর্তমানে নীলফামারী টিটিসিতে বিদেশগমনেচ্ছু ১৩০ জন কর্মীকে তিন দিনব্যাপী বিশেষ দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১০০ জন পুরুষ ও ৩০ জন নারী। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নেবেন।
টিটিসির ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফজলুর রহমান মোহসিন। এছাড়া বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক নুর জাহান বেগম এবং মালয়েশিয়া প্রবাসী সবুজ খন্দকার।
বক্তারা নীলফামারীর বিদেশগমনেচ্ছুদের দালালদের প্রলোভনে না পড়ে সরকারি টিটিসির মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান।