শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গামাটিতে মানববন্ধন

পার্বত্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গামাটিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন এবং একতরফা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিকর্মী শিশির চাকমা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে উপেক্ষা করে এবং স্থানীয় জনগণের মতামত না নিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাঁরা একতরফা সিদ্ধান্ত বন্ধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়া গঠিত তিনটি কমিটি—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি—বাতিলের দাবি জানানো হয়। চলতি মাসে সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা, সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজের জন্য এসব তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

এ ছাড়া স্মারকলিপিতে সরকারের বিদ্যমান তিনটি কমিটি—উপদেষ্টা কমিটি, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি এবং শরণার্থী টাস্কফোর্স—যথাযথভাবে পুনর্গঠনের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন ও সমাবেশ শেষে আয়োজকদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর