পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দুবলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়াই সার মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মজুদে থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ থাকা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অপর অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।