নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তিনি। পাশাপাশি তাদের হাতে খেলাধুলার সামগ্রী উপহার দেন এবং কলেজের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন, খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিভিন্ন বিষয় উঠে আসে।
শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার উৎসাহ দেন তিনি। কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে।
এ সময় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা জড়ো হন। গাড়িবহর অতিক্রমের সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।